সোনার দামে বড় লাফ

সোনা
সোনা  © সংগৃহীত

দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় বাড়লো সোনা ও রুপর দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড, সিলভার) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শুক্রবার (৩ জুলাই) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়, ২১ ক্যারেট ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। এছাড়া বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে পৃথকভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে।

সোনার পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দামও। প্রতি ভরিতে ১১৭ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট রুপার দাম ভ্যাটসহ ৪ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটে ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুলাই সোনা ও রুপার দাম বাড়িয়েছিল বাজুস।

পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না বলেও সতর্ক করেছে সংগঠনটি।


মন্তব্য