সোনা-রুপার নতুন দাম নির্ধারণ

সোনা-রুপা
  © সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এছাড়া ২১ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ৬২৫ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ক্ষেত্রে ১ হাজার ৮৬৬ টাকা দাম বেড়েছে।

বুধবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও দামের সমন্বয় করা হয়েছে।

এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম বাড়ল। এর আগে মঙ্গলবারও ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছিল।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও বৃদ্ধি করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৭৮২ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।


মন্তব্য