যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:০২ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৬, ১১:০২ PM
জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর যে নতুন শুল্ক আরোপ করেছে, তার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৫ জুলাই) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে দুটি ইংলিশ মিডিয়াম স্কুলের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল পরিবেশনা উপভোগ করেন মন্ত্রী।
নতুন শুল্ক প্রসঙ্গে তিনি বলেন, “এতে বাণিজ্য পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না। আগে যে শুল্কনীতি কার্যকর ছিল, তাদের আইনের নির্ধারিত সময় শেষ হওয়ায় একই মাত্রার শুল্ক এখন নতুন নামে কার্যকর করা হয়েছে।”
জাতিসংঘের সাম্প্রতিক খাদ্য সংকট-সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ইউরিয়াসহ সব ধরনের সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
সমাবর্তন অনুষ্ঠানে বিদ্যালয় দুটির পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, জেলা পরিষদের প্রশাসক এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।