কাঁচামরিচে ঝাল
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৭ PM
রাজধানীর কাঁচাবাজারে শাক-সবজির পাশাপাশি অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচামরিচের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে প্রায় ১০০ টাকা বেড়ে বর্তমানে খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে কৃষিপণ্য ও মাছের সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে পাইকারি বাজারে, আর সেই বাড়তি দামই খুচরা পর্যায়ে পৌঁছেছে। পাশাপাশি পরিবহন ব্যয় বৃদ্ধি এবং উৎপাদন কমে যাওয়ায় কাঁচামরিচের পাশাপাশি পেঁয়াজ, মাছ, ডিম ও বিভিন্ন ধরনের সবজির দামও বেড়েছে।
তাদের ভাষ্য, বেশি দামে পণ্য কিনতে হওয়ায় বাধ্য হয়েই খুচরা বাজারে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
রাজধানীর কয়েকটি কাঁচাবাজারের সবজি বিক্রেতারা জানান, গত সপ্তাহেও কাঁচামরিচ প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে। তবে বর্তমানে পাইকারি বাজারেই দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় খুচরা বাজারে তা ৪০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
এদিকে সবজির বাজারও ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক নয়। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা, গোল বেগুন ১৮০ টাকা, সাদা বেগুন ১৪০ টাকা, করলা ১২০ থেকে ১৪০ টাকা, বরবটি ১১০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৯০ থেকে ১০০ টাকা এবং কচুরমুখি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। তবে ধুন্দল ও পটোলের দাম কিছুটা কমে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে।
বিক্রেতাদের মতে, টানা বৃষ্টিতে অনেক এলাকার সবজিখেত পানিতে তলিয়ে যাওয়ায় সরবরাহ কমে গেছে। ফলে বাজারে অধিকাংশ সবজির দাম এখনো ঊর্ধ্বমুখী রয়েছে।