উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৬:০৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০৬:০৬ PM
যান্ত্রিক ত্রুটির কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
গতকাল রবিবার (২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ইউনিটটি পুনরায় চালু করা হয়। বর্তমানে এ ইউনিট থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনিটটি সচল হওয়ার পর থেকেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
এর আগে শনিবার (১ আগস্ট) ভোর ৫টা ৫০ মিনিটে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ওই সময় ইউনিটটি থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
বর্তমানে কেন্দ্রের ৩ নম্বর ইউনিট চালু রয়েছে এবং সেখান থেকে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।