সংকটের মধ্যে বাড়লো এলপিজির দাম

এলপিজি
  © ফাইল ছবি

দেশে পাইপলাইনে গ্যাস সরবরাহ সংকট চলমান থাকতেই ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)র দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ৫ টাকা ৮৫ পয়সা। ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১ হাজার ৫২৮ টাকা থেকে ১ হাজার ৫৯৮ টাকায় উন্নীত হয়েছে।

গতকাল রবিবার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্য ঘোষণা করে। ঘোষিত দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

বিইআরসি জানায়, নতুন হিসেবে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৩৩ টাকা ১৫ পয়সা, যা আগে ছিল ১২৭ টাকা ৩০ পয়সা। এই হার অনুযায়ী বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে এলপিজির দাম বেড়ে যাওয়ার পর গত এপ্রিলে দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি দেখা যায়। ওই মাসের শুরুতে ১২ কেজি সিলিন্ডারের দাম এক দফায় ৩৮৭ টাকা এবং ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়ানো হয়েছিল। তবে জুন ও জুলাই মাসে টানা দুই দফা মূল্য কমানো হয়। জুলাইয়ে ৩৫৭ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকায় নির্ধারণ করা হয়েছিল।

যদিও বিইআরসি প্রতি মাসে এলপিজির মূল্য নির্ধারণ করে, বাস্তবে অনেক এলাকায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে। পাইপলাইনে গ্যাসের সংকটের কারণে অনেক পরিবার রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

এদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন মূল্য প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে আসছে। সৌদি আরবের আরামকো ঘোষিত সৌদি কার্গো মূল্য (সিপি), প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক বাজারদর এবং আমদানিকারকদের চালানমূল্যের ভিত্তিতে দেশে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়।


মন্তব্য