গ্যাস সরবরাহ শুরু

গ্যাস
  © ফাইল ছবি

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে বেড়েছে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে যাচ্ছে ৮০০ মিলিয়ন ঘনফুট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ বাড়ানো হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে অতিরিক্ত ২৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হওয়ায় বর্তমানে প্রতিদিন ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) চট্টগ্রামের উপ-মহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মো. নাছির উদ্দীন।

তিনি জানান, বর্তমানে ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এফএসআরইউর মেরামত কাজ আগামী কয়েক দিনের মধ্যে সম্পন্ন হলে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হবে।

এর আগে গত ২১ জুলাই এক্সিলারেট এনার্জি পরিচালিত এফএসআরইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় টার্মিনালটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর ফলে আমদানিকৃত এলএনজি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসে।

আরপিজিসিএল সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে প্রতিদিন প্রায় ৯৫০ থেকে ১ হাজার মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।


মন্তব্য