৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো রিজার্ভ

রিজার্ভ
  © সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। এক দিনের ব্যবধানে মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ০৬৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভও ৩২ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) দেশের গ্রস রিজার্ভ ৩৭ দশমিক ০৬৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগে সোমবার (১০ আগস্ট) তা ছিল ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। আর রোববার (৯ আগস্ট) গ্রস রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে ধারাবাহিকভাবে রিজার্ভ বেড়েছে।

অন্যদিকে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা ব্যবহারযোগ্য রিজার্ভও বেড়েছে। সর্বশেষ হিসাবে এ রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ২৬০ বিলিয়ন ডলারে। সোমবার এ হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্টদের মতে, সামষ্টিক অর্থনীতি, বৈদেশিক লেনদেন ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ধারাবাহিকতায় রিজার্ভে এই ইতিবাচক প্রবণতা তৈরি হয়েছে।

আন্তর্জাতিকভাবে বৈদেশিক মুদ্রার প্রকৃত ও ব্যবহারযোগ্য মজুত পরিমাপের ক্ষেত্রে আইএমএফের বিপিএম-৬ বা ‘ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল’ একটি স্বীকৃত হিসাব পদ্ধতি। বাংলাদেশ ব্যাংক গ্রস রিজার্ভের পাশাপাশি এই পদ্ধতিতেও নিয়মিত রিজার্ভের তথ্য প্রকাশ করে।


মন্তব্য