দুদকের জালে পদ্মা ব্যাংকের এমডি
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:২৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০৬:২৭ PM
জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পদ্মা ব্যাংকের প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল মতলেব পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রবিবার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন এমএইচ এন্টারপ্রাইজের মালিক মো. মমিনুর রহমান, সোনালী ব্যাংকের এজিএম ও মমিনুর রহমানের মামা মো. অজিত উল্লাহ, পদ্মা ব্যাংকের সাবেক এমডি ও সিইও আব্দুল মতলেব পাটোয়ারী, সাবেক শাখা ব্যবস্থাপক (এসভিপি) কর্নেলিয়াস গমেজ, সাবেক ক্রেডিট ইনচার্জ মো. রাসেল মিয়া, সাবেক ম্যানেজার অপারেশন (এফভিপি) এম আতিফ খালেদ, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমেনা বেগম, সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হাসান ভুঁইয়া, সাবেক ম্যানেজার অপারেশন মাহবুব আহমেদ এবং সাবেক ক্রেডিট ইনচার্জ মো. কাওসার হোসেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের ১ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। পরে এ অর্থ পাচারের সঙ্গেও তারা জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ১০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারাও মামলায় প্রযোজ্য হবে।