বাজারের হালচাল

বাজার
  © সংগৃহীত

রাজধানীর বাজারে সবজির সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। বেশিরভাগ সবজিই ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তবে কিছুটা স্বস্তি মিলেছে পেঁয়াজ ও রসুনের দামে।

আজ শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় ২০ টাকা বেশি। ডিমের দাম অবশ্য অপরিবর্তিত রয়েছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

এদিকে শীতের আগাম সবজির দামও বেশ চড়া। বাজারে শিম বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। ফুলকপি ১০০ থেকে ১২০ টাকা কেজি এবং বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

খুচরা বাজারে কাঁচা পেঁপে ও মিষ্টি কুমড়া ছাড়া ৮০ টাকার নিচে তেমন কোনো সবজি পাওয়া যাচ্ছে না। ফলে নিত্যপ্রয়োজনীয় সবজি কিনতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে ক্রেতাদের।

তবে কিছুটা কমেছে পেঁয়াজ ও রসুনের দাম। দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমে এখন ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে চালের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। গরু ও খাসির মাংসের দামেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।


মন্তব্য