৬ মাসে রেমিট্যান্স বাড়ল যত শতাংশ
- বাংলাকন্ঠ ডেস্ক
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ PM
দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে স্বস্তি ফিরেছে। চলতি বছরের মার্চ থেকে আগস্ট এই ছয় মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ। এ সময়ে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ৮৯৪ কোটি মার্কিন ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৬৭৪ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাহ বেড়েছে ২২০ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, পর্যালোচিত ছয় মাসের মধ্যে পাঁচ মাসেই রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে। এর মধ্যে আগস্টে সর্বোচ্চ ২২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি রেকর্ড করা হয়।
মার্চে দেশে ৩৭৫ কোটি ডলার রেমিট্যান্স আসার পর এপ্রিলে আসে ৩১৩ কোটি এবং মে মাসে ৩৪৩ কোটি ডলার। জুনে প্রবাহ কিছুটা কমে ২৮১ কোটি ডলারে দাঁড়ালেও জুলাইয়ে তা বেড়ে ২৮৬ কোটি ডলার হয়। এরপর আগস্টে প্রবাসী আয় আরও বেড়ে ২৯৬ কোটি ডলারে পৌঁছায়।
এই ছয় মাসে রেমিট্যান্সের সবচেয়ে বড় উৎস ছিল মধ্যপ্রাচ্য ও পশ্চিমাঞ্চলের কয়েকটি দেশ। এর মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ৩০৮ কোটি ৮ লাখ ডলার এসেছে। এছাড়া যুক্তরাজ্য থেকে ২৯৪ কোটি ২ লাখ, সংযুক্ত আরব আমিরাত থেকে ২২৬ কোটি ৭২ লাখ, যুক্তরাষ্ট্র থেকে ১৭১ কোটি ৬৫ লাখ এবং মালয়েশিয়া থেকে ১৪৮ কোটি ৭০ লাখ ডলার এসেছে।
এই পাঁচ দেশ থেকেই মোট রেমিট্যান্সের প্রায় ৬০ দশমিক ৭ শতাংশ এসেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বৈধ ব্যাংকিং চ্যানেলের প্রতি প্রবাসীদের আস্থা বৃদ্ধি এবং হুন্ডি নিরুৎসাহিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে রেমিট্যান্সে এই প্রবৃদ্ধি হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে। পাশাপাশি সামগ্রিক সামষ্টিক অর্থনীতিতেও স্থিতিশীলতা বাড়বে।