বাংলাদেশকে বড় সুসংবাদ দিল যুক্তরাষ্ট্র
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ PM
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত বিশেষায়িত কিছু ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করবে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ মোট ২০টি দেশ ও অঞ্চলকে এ শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
এ বিষয়ে দেশগুলোর তালিকা মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় ফেডারেল রেজিস্টারে প্রকাশ করেছে। এর আগে নির্দিষ্ট কিছু পেটেন্টযুক্ত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদান আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল ওয়াশিংটন। তবে তালিকাভুক্ত দেশগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পণ্যে শূন্য শতাংশ শুল্ক সুবিধা দেওয়া হয়েছে।
শূন্য শুল্কের আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, কোষভিত্তিক চিকিৎসা, জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস (এডিসি) এবং পশুচিকিৎসার ওষুধ। এসব ওষুধ উৎপাদনে ব্যবহৃত সংশ্লিষ্ট উপাদানও ছাড়ের আওতায় থাকবে।
যে ২০ দেশ ও অঞ্চল সুবিধা পেল
বাংলাদেশের পাশাপাশি শূন্য শতাংশ শুল্ক সুবিধা পাওয়া তালিকায় রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের নোটিশ অনুযায়ী, এসব দেশ ও অঞ্চল থেকে আমদানি করা যোগ্য পণ্য শূন্য শতাংশ শুল্কের সুবিধা পাবে। সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোসংক্রান্ত চুক্তি রয়েছে।
ওষুধ উৎপাদন বাড়াতেই শুল্ক আরোপের উদ্যোগ
গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেটেন্টযুক্ত ওষুধ, বায়োলজিক্যাল পণ্য ও সংশ্লিষ্ট উপাদানের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ওষুধ উৎপাদন বাড়ানোই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
তবে জেনেরিক ওষুধ ও এর সংশ্লিষ্ট উপাদান ওই শুল্কের আওতায় পড়বে না বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।
নতুন সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ রপ্তানিতে অতিরিক্ত শুল্কের চাপ থাকছে না। এতে এসব পণ্যের রপ্তানির ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।