ইউক্রেনে ভারতীয় ওষুধ কারখানায় রাশিয়ার হামলা
- বাংলাকন্ঠ ডেস্ক
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭ PM
ইউক্রেনের সুমি অঞ্চলে ভারতীয় ওষুধ কোম্পানি কুসুম গ্রুপের পরিচালিত একটি কারখানায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে কারখানাটির এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। হামলায় কারখানাটির মূল কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সময় গতকাল রবিবার (৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ড্রোন হামলার পর কারখানাটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়। স্থানীয় কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
১৯৯৪ সালে ইউক্রেনে ওষুধ রপ্তানি ও বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করে কুসুম গ্রুপ। ভারতীয় নাগরিক রাজীব গুপ্তের নেতৃত্বে পরিচালিত প্রতিষ্ঠানটি নিজেদের ভারতীয় মূলধারার ইউক্রেনীয় কোম্পানি হিসেবে পরিচয় দেয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০২ সালে নিজস্ব ব্র্যান্ড গড়ে তোলার উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। ২০০৭ সালে ভারতে একটি কারখানা স্থাপনের পর ২০০৯ সালে ইউক্রেনের সুমিতে উৎপাদনকেন্দ্র চালু করে কুসুম গ্রুপ।
বর্তমানে প্রতিষ্ঠানটি ৫০টিরও বেশি জেনেরিক ওষুধ উৎপাদন করে। ইউক্রেনের পাশাপাশি উজবেকিস্তান, কাজাখস্তান ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের বাজারে এসব ওষুধ বিক্রি করা হয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পুরো সময়জুড়েই সুমির কারখানাটির কার্যক্রম চালু ছিল। তবে সাম্প্রতিক ড্রোন হামলায় কারখানাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি রুপি হতে পারে।
কারখানায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিহত কর্মীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত হামলায় একজন নিহত হয়েছেন। তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার সমবেদনা।’
জেলেনস্কি আরও জানান, রাশিয়ার ড্রোন কিয়েভের পিভনিচনি সেতু এবং দিনিপ্রোর একটি যোগাযোগকেন্দ্রেও আঘাত হেনেছে। এসব হামলায় আরও ছয়জন আহত হয়েছেন।
সূত্র: এনডিটিভি