১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রকল্প
  © সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সর্বোচ্চ সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প রয়েছে।

এ ছাড়া রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন, গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণের প্রকল্পও অনুমোদন পেয়েছে।

নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সমবায়ের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার একটি প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় ও দ্বিতীয় সংশোধনীর প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

পরিবহন ও যোগাযোগ খাতেও একাধিক প্রকল্প অনুমোদন পেয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য ৩৫টি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণের তৃতীয় সংশোধিত প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের অনুমোদন দিয়েছে একনেক। এ ছাড়া পঞ্চগড়ের ভজনপুর-আটোরখাড়ি-ময়নাগুড়ি-আমতলী-মিরগড়-পঞ্চগড় সড়কের ১৫তম কিলোমিটারে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়েছে।

পার্বত্য এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নে থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীও অনুমোদন পেয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়েছে। পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ খাতের উন্নয়নে প্রকল্পটি নেওয়া হয়েছে।

এ ছাড়া ফ্রান্সের প্যারিসে কেনা বাংলাদেশ মিশনের চ্যান্সারি ভবন ব্যবহারোপযোগী করা, সংস্কার ও আধুনিকায়নের জন্য একটি পৃথক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিকল্পনামন্ত্রী ইতোমধ্যে অনুমোদন করা ৫০ কোটি টাকার কম ব্যয়ের জয়পুরহাট জেলার নন্দাহার, হারাবতী নদী, নুনগোলা খাল ও খাড়োয়া খাল পুনঃখনন প্রকল্প সম্পর্কেও একনেককে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।


মন্তব্য