সেই বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:৩৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১১:৩৫ PM
চলমান বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্রে পুনরায় নেওয়া হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে সম্প্রতি শিক্ষার্থীদের নিয়ে করা নিজের একটি ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ওপর আনা সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোতে বন্যার কারণে কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং সেগুলো পুনরায় নেওয়া হবে।
তিনি জানান, বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও উদ্বেগ থাকলেও শিক্ষা মন্ত্রণালয় শুরু থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত হয়েছে, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা যখন নতুন প্রশ্নপত্র সেটে অনুষ্ঠিত হবে, তখনই স্থগিত হওয়া পরীক্ষাগুলোও নেওয়া হবে।
বক্তব্যের একপর্যায়ে শিক্ষামন্ত্রী সম্প্রতি তার একটি ব্যক্তিগত মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট সমালোচনার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করার জন্য তিনি কোনো মন্তব্য করেননি।
মন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলিনি। যদি কেউ আমার বক্তব্যে আহত হয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
উল্লেখ্য, গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপের অডিওতে শিক্ষামন্ত্রীকে বর্তমান শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।