শিক্ষার্থীদের আল্টিমেটাম

শিক্ষার্থী
  © সংগৃহীত

বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে সড়ক অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টা ৪০ মিনিটের পর তারা মানিক মিয়া এভিনিউ ছেড়ে গেলে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা আয়োজন এবং শিক্ষামন্ত্রীর কথিত ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে রাত সোয়া ৮টার দিকে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

রাত সাড়ে ৯টার দিকে এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে ঢাকা সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মিরাজ জানান, তাদের কোনো মূল দাবি এখনো মানা হয়নি। তিনি বলেন, মঙ্গলবার রাতের মধ্যেই বুধবারের পরীক্ষা স্থগিতের ঘোষণা দিতে হবে। পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।

মিরাজ বলেন, দাবি পূরণ না হলে বুধবার ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করা হবে। তিনি আরও জানান, পরীক্ষা স্থগিত না হলে পরীক্ষায় অংশ নেওয়া হবে কি না, সে বিষয়ে আন্দোলনকারীরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ সংসদ ভবনের সামনের এলাকা থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেয়। এ সময় লাঠিচার্জের অভিযোগ ওঠে। একই সময়ে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সংসদ ভবনের ভেতরে প্রবেশ করলেও দায়িত্বশীল কোনো ব্যক্তির সঙ্গে তাদের আলোচনা হয়নি।

দিনের শুরুতে বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা শিক্ষা বোর্ডের উদ্দেশে যাত্রা করেন। তবে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের সামনে পুলিশ বাধা দিলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

পরে শিক্ষার্থীরা নীলক্ষেত হয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করে পুনরায় সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ফিরে যান। সেখান থেকে বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

এদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরাও বুধবার সচিবালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করে বিকেলে সড়ক ছেড়ে দেন।

দিনভর আন্দোলনে শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’, ‘দফা এক, দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ এবং ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, দেশের দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।


মন্তব্য