৭ কলেজের নতুন দাবি
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:৩৮ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৬, ১১:৩৮ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)-এর অধীনে সাবেক সাত কলেজের সব চলমান (রানিং) সেশন অন্তর্ভুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় সাত কলেজের নিজ নিজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সময়ে প্রতীকীভাবে অধ্যক্ষদের কার্যালয়ে তালা দেওয়ার কর্মসূচিও পালন করবেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় সব চলমান সেশনকে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি হস্তান্তর প্রক্রিয়ার একটি সুস্পষ্ট রোডম্যাপ দ্রুত প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জানাতে হবে।
এ ছাড়া পূর্বনির্ধারিত সময়সূচি অপরিবর্তিত রেখে ইয়ার ফাইনাল পরীক্ষাগুলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে, নিজ নিজ কলেজ ক্যাম্পাসে আয়োজনের দাবিও জানিয়েছেন তারা।
শিক্ষার্থীদের ভাষ্য, পরীক্ষার সময়সূচি পরিবর্তনের প্রয়োজন নেই। শুধু বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ডিসিইউর অধীনে পরীক্ষাগুলো গ্রহণ করলেই চলবে।
এদিকে শিক্ষার্থীদের দাবি ও সমস্যার কথা সরাসরি শুনতে আগামীকাল থেকে বিভিন্ন ক্যাম্পাসে মতবিনিময় সভা শুরু করবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন। এর অংশ হিসেবে রোববার সকালে ঢাকা কলেজ অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভায় সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং আগ্রহী সাধারণ শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।
ঢাকা কলেজের শিক্ষার্থী মো. আব্দুর রহমান বলেন, “শুরু থেকেই সব রানিং সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় আনার দাবি জানিয়ে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও আগামীকাল শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবে। আমরা আশা করছি, আলোচনার মাধ্যমে সব সমস্যার গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে।”
উল্লেখ্য, রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ২০২৬ সালে দেশের ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর গত ১০ এপ্রিল জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টির আইন পাস হয়।