প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ, কবে খুলবে জানাল মন্ত্রণালয়
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ PM
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নিয়ে ফের দুঃসংবাদ। নতুন করে ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগের কারণে আপাতত সব ধরনের বদলি কার্যক্রম স্থগিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিক্ষকদের বদলি কার্যক্রম বন্ধ থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি আপাতত বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে।’
বদলি কার্যক্রমে বিভিন্ন অনিয়ম ও জটিলতা দেখা দেওয়ায় বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। শিক্ষক বদলির ক্ষেত্রে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নতুন সহকারী শিক্ষক নিয়োগের কারণেই মূলত বদলি স্থগিত করা হয়েছে বলে জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, নতুন শিক্ষকদের নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত বদলি কার্যক্রম বন্ধ থাকবে।
চলতি বছরের ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় ১ হাজার ৪০৮টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২১ জানুয়ারি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীর ফল প্রকাশ করা হয়। এরপর মৌখিক পরীক্ষা শেষে ফেব্রুয়ারি মাসে ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রতিমন্ত্রী বলেন, ‘১৪ হাজারের বেশি যে নিয়োগ হবে, তার জন্য সব বদলি এখন স্থগিত। ১৪ হাজারের ফিক্সড হয়ে গেলে নতুন করে আবার চালু হবে। তখন এটা নেওয়া যাবে।’
অর্থাৎ নতুন শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরই আবার বদলি কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। তবে তখন বর্তমান নীতিমালায় বদলি হবে, নাকি নতুন কোনো পদ্ধতি চালু করা হবে- সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।
ববি হাজ্জাজ বলেন, ‘নতুন শিক্ষকদের নিয়োগের পর আবার বদলি চালু হবে। তখন বর্তমান সিস্টেমটা, যে নীতিমালায় বদলিটা চলছিল সেটাতে হবে না অন্য কিছুতে হবে, সেটা তখনই বলা যাবে।’
এতে শিক্ষক বদলির বর্তমান পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। তবে নতুন কাঠামো বা পদ্ধতি নিয়ে এখনই আলোচনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।