ব্রাজিলের হারে কী বললেন সাফা কবির

সাফা
  © ফেসবুক

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রিয় দলের এমন অপ্রত্যাশিত পরাজয়ে বিশ্বের কোটি কোটি ব্রাজিল সমর্থকের মতো হতাশ হয়েছেন বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকারাও।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরও ব্রাজিলের বিদায়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। তবে তিনি বিশ্বাস করেন, এই ব্যর্থতা কাটিয়ে পরবর্তী বিশ্বকাপে আরও শক্তিশালীভাবে ফিরে আসবে সেলেসাওরা।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসেই ব্রাজিল-নরওয়ে ম্যাচটি সরাসরি উপভোগ করেন সাফা কবির। এ সময় দর্শক গ্যালারিতে বাংলাদেশের পতাকা হাতে দেখা যায় তাকে।

ব্রাজিলের বিদায় নিশ্চিত হওয়ার পর স্টেডিয়ামের বাইরে থেকে নিজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে প্রিয় দলের হারে হতাশার কথা জানালেও ভবিষ্যতে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সেখানে দেখা গেছে, ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। চোখে সানগ্লাস ও বিষণ্ণ মনে ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আসব।’ এ পোস্টের ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লিখেছেন, ‘ইনশাআল্লাহ নেক্সট টাইম’।

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রিয় দলের বিদায়ে এই মন খারাপের খবরের পাশাপাশি নিজের দেশকে নিয়েও এক বড় স্বপ্নের কথা উঠে এসেছে তার আগের একটি পোস্টে।

ম্যাচ চলাকালে গ্যালারি থেকে শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে গ্যালারিতে দাঁড়িয়ে আছেন তিনি। সেই পোস্টের ক্যাপশনে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করে সাফা লিখেছিলেন, ‘আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটি স্বপ্ন আছে- একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’

উল্লেখ্য, সাফা কবিরের মতো আরেক অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্যালারিতে বসে ব্রাজিল বনাম নরওয়ের ম্যাচটি উপভোগ করেছেন।


মন্তব্য