সুখবর পেলেন শাহরুখ খান

শাহরুখ
  © ফাইল ছবি

বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের ঐতিহাসিক বাসভবন ‘মান্নাত’ সম্প্রসারণ নিয়ে চলা আইনি জটিলতার অবসান হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট বাড়িটিতে আরও দুটি তলা নির্মাণের অনুমতি দেওয়ায় দীর্ঘদিনের অনিশ্চয়তা কেটে গেছে।

গত বছর থেকেই ‘মান্নাত’-এর সংস্কারকাজ চলছে। এর অংশ হিসেবে বাড়িটিতে আরও দুটি তলা যুক্ত করার পরিকল্পনা করেছিলেন শাহরুখ। তবে নির্মাণকাজে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে এক সমাজকর্মী আদালতে রিট আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে শাহরুখের পক্ষে রায় দেন।

আদালত জানান, প্রযোজ্য আইন মেনেই ‘মান্নাত’-এর সম্প্রসারণকাজ চলছে। ফলে নতুন দুটি তলা নির্মাণে আর কোনো আইনি বাধা নেই।

শুনানির সময় আবেদনকারীর আইনজীবী শোয়েব আলম আদালতে বলেন, মামলাটি একজন জনপ্রিয় অভিনেতাকে ঘিরে হওয়ায় যেন বিশেষ গুরুত্ব না পায়। তিনি দাবি করেন, তার মক্কেল একজন সমাজকর্মী এবং অতীতেও বিভিন্ন আবাসন-সংক্রান্ত অনিয়ম প্রকাশ্যে এনেছেন।

জবাবে বিচারপতি সঞ্জয়কুমার বাগচী বলেন, ‘আমরা এ ধরনের কোনো বিষয় দ্বারা প্রভাবিত হইনি।’

এদিকে ‘মান্নাত’-এর আইনি জটিলতা কাটার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বড় সুখবর পেয়েছেন শাহরুখ। দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত স্মৃতিবিজড়িত বাড়িটির সম্পূর্ণ মালিকানা এখন তার হাতে।

বিয়ের পর স্ত্রী গৌরী খানের সঙ্গে এই বাড়িতেই প্রথম সংসার শুরু করেছিলেন শাহরুখ। আগে বাড়িটির বেসমেন্ট ও প্রথম তলার মালিক ছিলেন তিনি। সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপি ব্যয়ে দ্বিতীয় ও তৃতীয় তলাও কিনে নেওয়ায় এখন পুরো বাড়িটির একক মালিক হয়েছেন শাহরুখ ও গৌরী খান।


মন্তব্য