মুখ খুললেন প্রভা

প্রভা
  © সংগৃহীত

দীর্ঘদিনের আলোচিত ব্যক্তিগত সম্পর্ক ও অতীতের বিতর্ক নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেন, নিজের জীবনের কোনো সম্পর্কেই তিনি প্রতারণা বা বিশ্বাসভঙ্গ করেননি। বরং একটি ঘটনার পেছনে আরও অনেক অজানা বাস্তবতা থাকে, সেটিই তিনি তুলে ধরতে চেয়েছেন।

প্রভা বলেন, তাকে অনেকেই বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত করেন। তবে তার ভাষ্য, তিনি কখনোই এমন কিছু করেননি। বিয়ের প্রসঙ্গ সামনে আসার আগেই প্রায় ১৫ থেকে ২০ দিন ধরে তিনি নিজের পরিবার এবং যার সঙ্গে তার বাগদান হয়েছিল। উভয় পক্ষকেই সম্পর্কটি বিয়ে পর্যন্ত না নেওয়ার বিষয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন।

তিনি জানান, সে সময় দুই পরিবারের বড়দের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা চলছিল। শুরুতে তার পরিবারও এ সম্পর্কের বিপক্ষে ছিল। এর একটি কারণ ছিল, পাত্রের পরিবার ভাঙনের মধ্য দিয়ে গিয়েছিল। যদিও এখন তিনি মনে করেন, ভাঙা পরিবার থেকে আসা অনেক মানুষই পরবর্তীতে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলেছেন।

বাগদানের পর সম্পর্ক ভেঙে দেওয়া সহজ ছিল না বলেও উল্লেখ করেন প্রভা। তিনি জানান, তাদের সম্পর্কে প্রায় ৯ থেকে ১০ মাসের দীর্ঘ বিরতি ছিল, যেখানে বিচ্ছেদ ও পুনর্মিলনের মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল।

অভিনেত্রীর দাবি, নতুন সম্পর্কে জড়ানোর সময় তিনি নিজের অবস্থান এবং সম্পর্কের বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিকে স্পষ্টভাবে জানিয়েছিলেন। তাই হঠাৎ করে কাউকে না জানিয়ে বিয়ে করার মতো কোনো ঘটনা ঘটেনি।

সমালোচকদের উদ্দেশে প্রভা বলেন, যারা তাকে কাছ থেকে চেনেন এবং ভালোবাসেন, তারা জানেন জীবনে তিনি অনেক কঠিন সময় পার করেছেন। তাই তিনি শুধু এটুকুই পরিষ্কার করতে চান- তিনি কারও সঙ্গে প্রতারণা করেননি এবং কাউকে না জানিয়ে কোনো সিদ্ধান্তও নেননি।


মন্তব্য