পরীর বিয়ে ঠেকাতে পারলো না যে খেলোয়াড়
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:১১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৮:১১ PM
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের হাইভোল্টেজ লড়াই ঘিরে যখন ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই আলোচনায় এলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। প্রিয় দল আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছেন তিনি।
ম্যাচ চলাকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমণি লিখেছেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’ পোস্টের সঙ্গে কয়েকটি ইমোজিও যুক্ত করেন তিনি।
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়ের মধ্যেই এতে হাজার হাজার প্রতিক্রিয়া ও শেয়ার জমা হয়। তবে পোস্টের মন্তব্যের সুযোগ বন্ধ রেখেছেন এই অভিনেত্রী।
পরে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ২-১ গোলে জয় পাওয়ার পর আরেকটি পোস্ট দিয়েছেন পরীমণি। ইংল্যান্ডের তারকা খেলোয়াড় হ্যারি কেনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘হ্যারি কেন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’
আর্জেন্টিনা ফাইনালে ওঠায় এই পোস্ট ঘিরে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে। আগামী ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।
ব্যক্তিজীবনে একাধিকবার বিয়ে ও বিচ্ছেদের কারণে এর আগেও আলোচনায় ছিলেন পরীমণি। এর মধ্যে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে তার সম্পর্ক সবচেয়ে বেশি আলোচিত। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। ২০২২ সালের জানুয়ারিতে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে তাদের সংসারে একটি পুত্রসন্তানের জন্ম হয়। তবে ২০২৩ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি।