প্রেম নিয়ে মুখ খুললেন দীঘি
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:৫৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৬, ০৫:৫৩ PM
বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি বর্তমানে নায়িকা হিসেবে চলচ্চিত্রে কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার এক পডকাস্টে প্রেম ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
পডকাস্টে দীঘির কাছে জানতে চাওয়া হয়, জীবনে কতবার প্রেম করেছেন। জবাবে তিনি বলেন, ‘আমি ওভাবে কখনো প্রেম করিনি।’ এরপর উপস্থাপক আবারও প্রশ্ন করলে হাসতে হাসতে দীঘি বলেন, ‘আসলে প্রেম করার সুযোগই পাইনি।’
উপস্থাপক আরও জানতে চাইলে দীঘি ব্যাখ্যা করে বলেন, ‘সুযোগের আড়ালেও কিছু হয়নি। কারণ স্কুলজীবনে আমি খুব কঠোর নিয়মের মধ্যে ছিলাম। ক্লাস সিক্স থেকেই আমার ওপর অস্বাভাবিক রেস্ট্রিকশন ছিল। এসএসসি পাস করার পর প্রথম মোবাইল ফোন ব্যবহার শুরু করি। পরিবার আমাকে সবসময় খুব নজরে রাখত।’
অভিনেত্রীর ভাষ্য, শুধু পরিবারই নয়, তার স্কুলের শিক্ষক ও কর্তৃপক্ষের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতেন অভিভাবকরা। ফলে প্রেম করার মতো পরিবেশ বা সুযোগ কোনোটিই তার জীবনে তৈরি হয়নি।
তবে দীঘির ব্যক্তিজীবন নিয়ে এর আগেও একাধিকবার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন বেশ আলোচনায় ছিল। এছাড়া মুহাইমিন রাশিদ নামের এক তরুণের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ছবিও নানা জল্পনার জন্ম দেয়।
তবে সে সময়ও এসব গুঞ্জন নাকচ করে দীঘি জানিয়েছিলেন, তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। এবারও পডকাস্টে তিনি একই দাবি পুনর্ব্যক্ত করে বলেন, তিনি কখনো প্রেমের সম্পর্কে জড়াননি।