ঢাকায় আসছেন আতিফ আসলাম
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:৩৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৬, ০৫:৩৪ PM
সব ধরনের গুঞ্জন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে কনসার্টে অংশ নিতে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। রাজধানীর পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই মেগা কনসার্ট। এর আগে বুধবার (২২ জুলাই) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এই পাকিস্তানি তারকা শিল্পীর।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট বাতিল বা পিছিয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন তা নাকচ করে দিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি ও ভেন্যুর প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকদের এক প্রতিনিধি বলেন, ‘আতিফ আসলাম বিশাল একজন শিল্পী। তার গান কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। ইনশাআল্লাহ তিনি আসছেন এবং ২৪ জুলাই আমরা সবাই একসঙ্গে তার কনসার্ট উপভোগ করব।’
আয়োজকরা জানান, গত বছরের একটি বড় আয়োজন প্রশাসনিক জটিলতায় বাতিল হওয়ায় তাদের নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তারা বলেন, এবার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন করে কোনো জটিলতার আশঙ্কা নেই।
তাদের ভাষ্য, ‘গতবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার পরিকল্পনা করা হয়েছে। সব ধরনের প্রস্তুতি শেষ। বুধবার আতিফ আসলাম ঢাকায় পৌঁছাবেন এবং এবার আর কোনো সমস্যা হবে না বলে আমরা আশাবাদী।’