প্রথমবারের মতো ভেনিসে বাংলাদেশি সিনেমা
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:১৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৬:১৫ PM
বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে প্রথমবারের মতো বাংলাদেশের একটি চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে। নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ উৎসবের ‘হরাইজনস’ বিভাগে প্রতিযোগিতা করবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত চলচ্চিত্রগুলোর তালিকা প্রকাশ করলে সেখানে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নাম ঘোষণা করা হয়। ‘হরাইজনস’ বিভাগে এবার মোট ১৯টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। সেখান থেকেই জুরি বোর্ড সেরা চলচ্চিত্র নির্বাচন করবে।
এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছবির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি লেখেন, “বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি অসাধারণ একটি মুহূর্ত। পুরো টিমকে আন্তরিক অভিনন্দন। ভেনিস চলচ্চিত্র উৎসবের মতো মর্যাদাপূর্ণ আয়োজনের প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া যেকোনো নির্মাতার জন্যই বিশাল অর্জন, একই সঙ্গে এটি বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
বাঁধন জানান, ছবিতে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তবু এই ঐতিহাসিক যাত্রার অংশ হতে পেরে নিজেকে গর্বিত ও সম্মানিত মনে করছেন।
নির্মাতা রুবাইয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, উৎসবে চলচ্চিত্রটি জমা দেওয়ার কিছুদিন পরই আয়োজকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিলেন। তখনই নির্বাচিত হওয়ার সম্ভাবনার আভাস পান। আনুষ্ঠানিক ঘোষণা আসার পর তাঁর সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিয়েছে।
ভেনিস চলচ্চিত্র উৎসবের ‘হরাইজনস’ বিভাগটি মূলত নতুন ধারা, নতুন ভাষা ও ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করার জন্য পরিচিত। উদীয়মান ও সৃজনশীল নির্মাতাদের কাজই এ বিভাগে প্রাধান্য পায়। সে বিবেচনায় এই বিভাগে বাংলাদেশের একটি চলচ্চিত্রের অন্তর্ভুক্তি বিশেষ তাৎপর্য বহন করছে।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এছাড়া অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম এবং মোহাম্মদ বারী।