ঢাকায় পাকিস্তানি শিল্পীর কনসার্ট ঘিরে উচ্ছ্বাস

আতিফ
  © সংগৃহীত

ঝুম বৃষ্টিও দমাতে পারেনি সংগীতপ্রেমীদের উচ্ছ্বাস। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টকে ঘিরে শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। কনসার্ট শুরুর কয়েক ঘণ্টা আগ থেকেই হাজারো দর্শক ভেন্যুর সামনে জড়ো হতে শুরু করেন।

আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে ভেন্যুর আশপাশে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। কারও হাতে ছাতা, কেউ রেইনকোট পরে, আবার কেউ বৃষ্টিতে ভিজেই প্রবেশের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করেন। প্রতিকূল আবহাওয়াও তাদের উৎসাহে কোনো ভাটা ফেলতে পারেনি। বরং প্রিয় শিল্পীকে সরাসরি দেখার ও তার কণ্ঠে গান শোনার প্রত্যাশায় সবার মধ্যেই ছিল বাড়তি উচ্ছ্বাস।

কনসার্টে আসা কয়েকজন দর্শক জানান, আতিফ আসলামের মতো শিল্পীর লাইভ পরিবেশনা দেখার সুযোগ বারবার আসে না। তাই বৃষ্টি কিংবা দীর্ঘ সময় অপেক্ষা তাদের কাছে কোনো বাধা নয়।

খুলনা থেকে আসা এক দম্পতি বলেন, “আমরা সাধারণত কোনো কনসার্টে যাই না। শুধু আতিফ আসলামের জন্যই এবার ঢাকায় এসেছি। ২০২৪ সালেও তার কনসার্টে এসেছিলাম। এবারও সেই আগ্রহ নিয়েই এসেছি।”

টিকিট সংগ্রহ নিয়ে জানতে চাইলে তারা বলেন, “কোনো সমস্যা হয়নি। গতবার আতিফ আসলামের কনসার্টের জন্যই টিকিট কেটেছিলাম। পরে অনুষ্ঠানটি স্থগিত হয়েছিল। এবার সেই টিকিটই ব্যবহার করেছি।”

বৃষ্টির জন্য আগেভাগেই প্রস্তুতি নিয়েছিলেন বলেও জানান তারা। “কনসার্ট উপভোগ করতে আমরা রেইনকোট সঙ্গে এনেছি,” বলেন ওই দম্পতি।

এদিকে দর্শকদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ভেন্যুতে প্রবেশ নিশ্চিত করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রবেশপথে আয়োজকদের স্বেচ্ছাসেবক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। পুরো আয়োজনজুড়ে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে তারা সতর্ক অবস্থানে ছিলেন।


মন্তব্য