আন্দোলন নিয়ে সালমানের ইউটার্ন
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৬:২৫ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৬, ০৬:২৫ PM
ভারতে প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে নিজের অবস্থানে পরিবর্তন এনেছেন বলিউড অভিনেতা সালমান খান। শুরুতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানালেও এবার তিনি শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যতের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কঠোর ব্যবস্থা নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেই বিশ্বাস থেকেই আন্দোলনরত শিক্ষার্থীদের বাড়ি ফিরে বাবা-মায়ের সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।
এর আগে বুধবার রাতে সামাজিক মাধ্যমে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন সালমান। ওই পোস্টে তিনি প্রশ্নফাঁসকে দেশের শিক্ষাব্যবস্থার জন্য একটি গুরুতর সংকট হিসেবে উল্লেখ করেন এবং আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আন্দোলনের কৃতিত্ব শিক্ষার্থীদেরই প্রাপ্য বলেও মন্তব্য করেন।
তিনি আরও বলেছিলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে নিজেদের ভবিষ্যৎ ও উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে যে আন্দোলন করছে, তা প্রশংসার দাবি রাখে।
তবে আন্দোলনের একপর্যায়ে সহিংসতার ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেন সালমান খান। আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। তার মতে, প্রশ্নফাঁস শিক্ষাব্যবস্থার একটি গুরুতর সমস্যা এবং শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
সালমান খানের আগে বলিউডের আরও কয়েকজন তারকা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখ রয়েছেন। তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।