বিপাকে অভিনেত্রী
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:১৯ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৬, ১১:১৯ PM
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান আবারও আলোচনায়। থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমা ‘জন নায়াগান’ দেখতে গিয়ে ভক্তদের ভিড়ে পড়েন চরম বিড়ম্বনায়। বৃহস্পতিবার (২৪ জুলাই) চেন্নাইয়ের একটি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে গেলে তাকে ঘিরে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিবার ও বন্ধুদের সঙ্গে প্রথম দিনের প্রথম শো উপভোগ করতে হলে যান তৃষা। সিনেমা চলাকালে বিষয়টি অনেকের নজরে না এলেও, শো শেষ হওয়ার পর তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই শত শত ভক্ত তাকে একনজর দেখতে ভিড় করেন।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট, নীল জিন্স ও সানগ্লাস পরা তৃষা হল থেকে বের হওয়ার সময় চারদিক থেকে ভক্তরা তাকে ঘিরে ধরেন। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তিনি ভিড়ের মধ্যে আটকে পড়েন।
পরিস্থিতি সামাল দিতে দ্রুত এগিয়ে আসেন নিরাপত্তারক্ষীরা। তাদের সহায়তায় তৃষাকে নিরাপদে প্রেক্ষাগৃহ থেকে বের করে গাড়িতে পৌঁছে দেওয়া হয়।
উল্লেখ্য, রাজনীতিতে পূর্ণকালীনভাবে যুক্ত হওয়ার আগে থালাপতি বিজয় ঘোষণা দিয়েছিলেন, ‘জন নায়াগান’ হবে তার অভিনীত শেষ চলচ্চিত্র। দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাওয়া সিনেমাটি ঘিরে তামিলনাড়ুজুড়ে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। অনেক স্থানে ভক্তরা কাটআউটে দুধ ঢেলে, আতশবাজি ফাটিয়ে এবং ঢাকঢোল বাজিয়ে সিনেমাটির মুক্তি উদযাপন করেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তৃষার প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সম্প্রতি থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণানকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের নানা গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে বিজয় বা তৃষা কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।