বাংলাদেশে শুটিংয়ে এসে চড় খেয়েছিলেন নোরা
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৫:১৪ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৫:১৪ PM
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ২০১৪ সালে বাংলাদেশে সিনেমার শুটিং করতে এসে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার কথা আবারও স্মরণ করেছেন। ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ ছবির শুটিং চলাকালে এক সহ-অভিনেতার সঙ্গে তার হাতাহাতি হয়েছিল বলে জানান তিনি। নোরার দাবি, তিনি ওই অভিনেতাকে চড় মারার পর পাল্টা চড় খেয়েছিলেন এবং একপর্যায়ে দুজনের মধ্যে চুল টানাটানিও হয়।
ভারতের একটি গণমাধ্যম সম্প্রতি নোরার সেই পুরোনো সাক্ষাৎকারটি আবার সামনে আনে।
কয়েক বছর আগে ‘দ্য কপিল শর্মা শো’-তে ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমার ‘ঝেদা নশা’ গানের প্রচারে অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে উপস্থিত হয়ে এই ঘটনার বর্ণনা দিয়েছিলেন নোরা।
তিনি জানান, বাংলাদেশের সুন্দরবনে শুটিং চলাকালে এক সহ-অভিনেতা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ওই অভিনেতাকে চড় মারেন। পরে ওই অভিনেতাও পাল্টা তাকে চড় মারেন এবং তার চুল টেনে ধরেন। জবাবে নোরাও তার চুল টানেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরিচালক এসে দুজনকে শান্ত করেন।
ঘটনার প্রসঙ্গে নোরা বলেন, “আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম। সেখানে এক সহ-অভিনেতা আমার সঙ্গে খারাপ আচরণ করছিলেন। তাই আমি তাকে চড় মারি।”
তিনি আরও বলেন, “এরপর আমি তাকে আবার চড় মারি। সে আমার চুল টেনে ধরে, আমিও তার চুল টানি। পরে বড় ধরনের ঝগড়া শুরু হয়। শেষ পর্যন্ত পরিচালক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।”
নোরার বক্তব্য শুনে অনুষ্ঠানটির সঞ্চালক কপিল শর্মা রসিকতা করে বলেন, “তার ওপর গজব নেমে আসুক।” জবাবে নোরা ওই সহ-অভিনেতার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সে সত্যিই খুব বাজে একজন মানুষ।” তবে পুরো ঘটনার বর্ণনা দিলেও সেই সহ-অভিনেতার পরিচয় কখনো প্রকাশ করেননি তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালে মুক্তি পাওয়া অ্যাডভেঞ্চার থ্রিলার ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ পরিচালনা ও রচনা করেন কমল সদানা। সুন্দরবনকে ঘিরে নির্মিত এই চলচ্চিত্রে একটি বিরল সাদা বাঘকে কেন্দ্র করে একদল অভিযাত্রীর গল্প তুলে ধরা হয়েছে। ছবিটিতে ‘সিজে’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে নোরা ফাতেহির। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে শুটিং হওয়া এই সিনেমায় আকাশ থেকে ধারণ করা দৃশ্যের পাশাপাশি ৮০০টিরও বেশি ভিএফএক্স শট ব্যবহার করা হয়েছিল।