সাকিবকে ছাড়িয়ে পরীমনি
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৪ PM
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা ঘটনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে শুরু থেকেই আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমনি। এবার ফেসবুকেও নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
দেশের জনপ্রিয় ব্যক্তিত্বদের মধ্যে ফেসবুক ফলোয়ারের সংখ্যায় দীর্ঘদিন শীর্ষে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। তবে এবার সেই অবস্থান দখল করেছেন পরীমনি। বর্তমানে তার ভেরিফায়েড ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে সাকিব আল হাসানের ফেসবুক অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে এগিয়ে রয়েছেন এই অভিনেত্রী।
এর আগে প্রায় তিন বছর আগে সাকিব ও পরীমনির ফেসবুক অনুসারীর সংখ্যা নিয়ে আলোচনা শুরু হয়। ২০২৩ সালের আগস্টে সাকিব আবারও এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে পরীমনি সেই ব্যবধান পেরিয়ে শীর্ষস্থান দখল করেছেন।
শুধু অনুসারীর সংখ্যাই নয়, পরীমনির পেজে ভক্তদের সক্রিয়তাও চোখে পড়ার মতো। সম্প্রতি নিজের কন্যার একটি ভিডিও প্রকাশ করলে সেটিতে প্রায় ৯০ হাজারের বেশি রিঅ্যাকশন পড়ে। এছাড়া কয়েক দিন আগে প্রকাশ করা তার তিনটি ছবির পোস্টেও ৫৬ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে প্রকাশিত তার বিভিন্ন ভিডিওর ভিউ ১০ লাখ থেকে শুরু করে দেড় কোটিরও বেশি হয়েছে, যা তার সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তারই ইঙ্গিত দেয়।
বর্তমানে ১ কোটি ৭০ লাখের বেশি অনুসারী থাকলেও পরীমনি নিজে ফলো করেন মাত্র সাতটি অ্যাকাউন্ট। তবে কাদের অনুসরণ করছেন, সেটি তিনি সবার জন্য গোপন রেখেছেন।
অন্যদিকে অভিনয়ে আগের তুলনায় কিছুটা অনিয়মিত হয়ে পড়েছেন পরীমনি। বর্তমানে নিজের প্রতিষ্ঠান ‘বডি’ এবং সন্তানদের নিয়েই বেশি সময় ব্যয় করছেন। পাশাপাশি বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। গত দেড় বছরে একাধিক সিনেমায় তার অভিনয়ের খবর প্রকাশ পেলেও সেসব প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।