বাবার পদবি রাখলেন না টম ক্রুজের মেয়ে
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৭ PM
হলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে তারকা দম্পতিদের বিচ্ছেদ এবং সন্তানদের পারিবারিক সম্পর্ক ঘিরে নানা আলোচনা প্রায়ই শিরোনাম হয়। এবার আলোচনায় এসেছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ ও অভিনেত্রী কেটি হোমসের একমাত্র কন্যা সুরি।
দীর্ঘদিন বাবার থেকে দূরে থাকার পর এবার আনুষ্ঠানিকভাবে নিজের নাম থেকে বাবার পদবি ‘ক্রুজ’ বাদ দিয়েছেন ১৮ বছর বয়সী সুরি। এখন থেকে তিনি ‘সুরি নোয়েল’ নামে পরিচিত হচ্ছেন।
আন্তর্জাতিক বিনোদনবিষয়ক মাধ্যম ইন্টারটেইনমেন্ট উইকলির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুরির ভোটার নিবন্ধনের সরকারি নথিতে নতুন নামটি অন্তর্ভুক্ত করা হয়েছে। নিজের নামের সঙ্গে তিনি তার মা কেটি হোমসের মধ্যনাম ‘নোয়েল’ যুক্ত করেছেন।
এর আগে ২০২৪ সালে নিউইয়র্কের লা গার্ডিয়া হাই স্কুল থেকে স্নাতক সম্পন্ন করার সময়ও সনদপত্রে ‘সুরি নোয়েল’ নাম ব্যবহার করেছিলেন তিনি। তবে এবার ভোটার নিবন্ধনের মাধ্যমে নতুন নামটি সরকারি নথিতেও আনুষ্ঠানিক স্বীকৃতি পেল।
টম ক্রুজ ও কেটি হোমসের বিবাহবিচ্ছেদ হয় ২০১২ সালে। এরপর থেকেই সুরি মায়ের কাছেই বেড়ে উঠেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত প্রায় ১৪ বছর ধরে টম ক্রুজের সঙ্গে তার সরাসরি যোগাযোগ বা প্রকাশ্যে দেখা হওয়ার কোনো তথ্য সামনে আসেনি।
টম ক্রুজ ও কেটি হোমস ২০০৫ সালে সম্পর্কে জড়ান এবং ২০০৬ সালে ইতালিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন। একই বছর জন্ম হয় সুরির। তবে দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায়, ২০১২ সালের জুনে, কেটি হোমস বিবাহবিচ্ছেদের আবেদন করেন।
বাবা-মেয়ের দূরত্বের বিষয়টি আবারও আলোচনায় আসে ২০২৪ সালে সুরির হাই স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের সময়। জীবনের গুরুত্বপূর্ণ সেই মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না টম ক্রুজ। সে সময় তাকে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে পপ তারকা টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’ কনসার্ট উপভোগ করতে দেখা যায়।