ঢাকায় অনুপমের কনসার্ট বাতিল

কনসার্ট
  © সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়কে নিয়ে ঢাকায় আয়োজন করা ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানিয়েছে, কনসার্টের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা দেয়। এর পরিপ্রেক্ষিতেই কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আয়োজকরা বলেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন থাকা সত্ত্বেও মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ সিদ্ধান্তে শিল্পী, দর্শক, স্পন্সর, সহযোগী প্রতিষ্ঠান এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই হতাশ হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

টিকিট কিনে রাখা দর্শকদের আশ্বস্ত করে আয়োজকরা জানিয়েছেন, কোনো ক্রেতাকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না। অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সব টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে। আগামী রোববারের মধ্যে অর্থ ফেরতের বিস্তারিত প্রক্রিয়া জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

কনসার্টটি কবে পুনরায় আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো কোনো নতুন তারিখ ঘোষণা করা হয়নি।


মন্তব্য