বিয়ে নিয়ে যা বললেন পরীমণি
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:০৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৬, ০৭:০৮ PM
ব্যক্তিজীবন থেকে পেশাগত কর্মকাণ্ড দুই ক্ষেত্রেই নিয়মিত আলোচনায় থাকেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। নতুন সিনেমা, সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্ট কিংবা ব্যক্তিগত জীবনের নানা ঘটনা-সবকিছুই ভক্ত-অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এবার নিজের বিয়ে ও ব্যক্তিজীবন নিয়ে করা এক রসিক মন্তব্যের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
বুধবার (২৯ জুলাই) রাতে রাজধানী ঢাকায় একটি পুরস্কার আয়োজনের সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন পরীমণি। সেখানে বিভিন্ন প্রশ্নের পাশাপাশি উঠে আসে তাঁর বিয়ে প্রসঙ্গও।
এ সময় মজা করে পরীমণি বলেন, ‘আপনারা আমাকে বিয়ে দিতে চান, না চান না?’ তাঁর এমন প্রশ্নে উপস্থিত সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। এরপরও থেমে থাকেননি তিনি! হাসতে হাসতেই আবার বলেন, ‘হ্যাঁ নাকি না?’
এরপর ব্যক্তিজীবন নিয়ে দর্শকদের আগ্রহের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়। আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই। সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ, আমি জানি না।’
পরীমণির কথায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত মন্তব্য ও সমালোচনার বিষয়টিও উঠে আসে। পাশাপাশি তাঁর প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রসঙ্গও আসে। এক সাংবাদিক জানতে চান, আর্জেন্টিনার হারের পর তাঁর অনুভূতি কী ছিল।
স্বভাবসুলভ রসিকতার সুরে পরীমণি বলেন, ‘ভাই, এই রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করব (জিতলে)।’ তাঁর এমন উত্তরেও উপস্থিত সবাই হেসে ওঠেন।
প্রসঙ্গত, বিশ্বকাপের পুরো সময়ে আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন পরীমণি। প্রিয় দলের প্রতিটি জয় উদ্যাপন ভক্তদের সঙ্গে সামাজিকমাধ্যমে ভাগ করে নেন তিনি। কখনও আকাশি-সাদা জার্সি পরে ভিডিও বানিয়েছেন, কখনও আবার বিভিন্ন পোস্টে ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতি ভালোলাগার কথাও জানিয়েছেন।