মৌসুমী-সানির ৩১

মৌসুমী
  © ফাইল ছবি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। পর্দায় সফল জুটির পাশাপাশি বাস্তব জীবনেও দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে সুখী দাম্পত্যের উদাহরণ হয়ে আছেন তারা। আজ এই জনপ্রিয় দম্পতির বিবাহবার্ষিকী।

বিশেষ এই দিনে বরাবরের মতোই ভালোবাসা ও শুভেচ্ছায় স্ত্রী মৌসুমীকে স্মরণ করেছেন ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাবার্তা জানিয়ে প্রিয়তমার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। ফেসবুকে একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত; আমীন।’

ওমর সানীর বিবাহবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছাবার্তাটি প্রকাশের মাত্র চার ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টটিতে প্রায় ৩৯ হাজার প্রতিক্রিয়া এবং সাড়ে ৩ হাজারের মতো মন্তব্য জমা পড়েছে। ভক্ত-অনুরাগীরা এই তারকা দম্পতির জন্য শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন।

ওমর সানী ও মৌসুমীর প্রথম পরিচয় ১৯৯২ সালে। সে সময় সানীর প্রথম চলচ্চিত্র মুক্তি পেয়েছিল, আর মৌসুমীর অভিষেক সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির অপেক্ষায় ছিল। পরিচালক শেখ নজরুল ইসলাম নতুন একটি চলচ্চিত্রে দুজনকে জুটি হিসেবে নেওয়ার পরিকল্পনা করলে সে বিষয়ে আলোচনার জন্য মৌসুমীর বাসায় একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই প্রথম দেখা ও পরিচয় হয় তাদের।

যদিও শেষ পর্যন্ত সেই সিনেমায় অভিনয় করেননি মৌসুমী। অন্য কাজের ব্যস্ততার কারণে প্রস্তাবটি ফিরিয়ে দেন তিনি। পরে ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হন এই জুটি। ছবিটির শুটিং চলাকালে দুজনের মধ্যে কিছুটা মনোমালিন্য তৈরি হলেও, সেই ঘটনার পর থেকেই মৌসুমীর প্রতি বিশেষ অনুভূতি জন্ম নেয় ওমর সানীর। একসময় সেই অনুভূতি ভালোবাসায় রূপ নেয়।

কিছুদিনের মধ্যেই মৌসুমীর পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মেলে। অবশেষে ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সুখে-দুঃখে একসঙ্গে পথ চলছেন এই জনপ্রিয় তারকা দম্পতি।

তবে এবারের বিবাহবার্ষিকীতেও তারা একই ছাদের নিচে নেই। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। তাই দূরত্ব থাকলেও মুঠোফোন ও অনলাইন যোগাযোগের মাধ্যমেই ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করছেন এই তারকা দম্পতি।


মন্তব্য