বলিউড ছাড়ার সিদ্ধান্ত নেন ইয়ামি
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৬:০১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০৬:০১ PM
বলিউডে অভিষেকের প্রথম সিনেমাই সফল হলেও দীর্ঘদিন কাঙ্ক্ষিত সুযোগ পাননি অভিনেত্রী ইয়ামি গৌতম। একসময় অভিনয়জগৎ ছেড়ে নিজ রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন অভিনেত্রী।
২০১২ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইয়ামির। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হলেও ‘প্রথাগত নায়িকা’ হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারায় তার কাছে বেশিরভাগ সময় সীমিত পরিসরের চরিত্রের প্রস্তাবই আসে।
ভালো কাজের অভাবে ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ মুক্তির আগেই বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে ‘উরি’র ব্যাপক সাফল্যের পর একই বছরে মুক্তি পাওয়া ‘বালা’ সিনেমাও দর্শকপ্রিয়তা পেলে তার ক্যারিয়ারে নতুন মোড় আসে।
সেই সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি বলেন, হিমাচল প্রদেশে তাদের পারিবারিক কৃষিজমিতে ফিরে গিয়ে নতুনভাবে জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তার বাবা-মাও সেই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছিলেন। তবে অভিনয় ছেড়ে দেওয়ার মানসিক প্রস্তুতি নেওয়ার পরই পরপর দুটি সফল সিনেমায় কাজের সুযোগ পান, যা শেষ পর্যন্ত তার ক্যারিয়ারের গতিপথ বদলে দেয়।
অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম বাড়ি ফিরে যাব। আমাদের সেখানে চাষের জমি রয়েছে। সম্পূর্ণ অন্য রকম একটা জীবন শুরু করার কথা ভাবছিলাম। আমার বাবা-মা ভীষণ সমর্থন করেছিলেন। ওরা শুধু বলেছিলেন, ‘বাড়ি ফিরে এসো।
বলিউডে কোনো পারিবারিক পরিচিতি ছাড়া ‘বহিরাগত’ হিসেবে কাজের চ্যালেঞ্জ প্রসঙ্গে ইয়ামি বলেন, তারকাসন্তানেরা একাধিকবার ব্যর্থ হলেও নতুন সুযোগ পান, কিন্তু বাইরের কারও জন্য একটি ভালো সুযোগ তৈরি করাও কঠিন।
ইয়ামি বলেন, কঠিন বিষয়টা শুধু ‘বহিরাগত’ হওয়া নয়। প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হতো। হয়তো মনে হচ্ছে, আমি কোনো নির্দিষ্ট সুযোগের জন্য প্রস্তুত। অথচ সেই সুযোগ বার বার এমন কাউকে দেওয়া হচ্ছে যে, আগে থেকেই এই বাস্তুতন্ত্রের (ইন্ডাস্ট্রি) অংশ। তখন মনে হত, আমাকেও যদি এত সুযোগ দেওয়া হত, আমিও কি আরও ভালো অভিনেত্রী হয়ে উঠতে পারতাম না? এতে হতাশা বাড়তো।
তবে বর্তমানে ইন্ডাস্ট্রিতে পরিবর্তন এসেছে বলেও মনে করেন ইয়ামি। তার কথায়, এখন আপনি কোথা থেকে এসেছেন, তা দেখেন না দর্শক। তাঁরা দেখেন, আপনি ভাল অভিনেতা কি না, আপনার ছবি দেখার মতো কি না, এবং আপনার কাজের ওপর তারা ভরসা করতে পারেন কি না। এই পরিবর্তন আগামী প্রজন্মের জন্য আমাকে আশাবাদী করে।
উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারের টানাপোড়েন পেরিয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা ইয়ামি গৌতমকে সামনে দেখা যাবে পরিচালক বালাজি মোহনের নতুন সিনেমা ‘নয়ী নভেলী’-তে।