পঞ্চশেও কেন সিঙ্গেল আমিশা?
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৬:৪৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৬, ০৬:৪৪ PM
জীবনের পঞ্চাশ বছর পেরিয়েও বিয়ের কোনো তাড়না নেই বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের। বরং অবিবাহিত জীবনেই তিনি বেশ সুখী বলে জানিয়েছেন ‘কহো না পেয়ার হ্যায়’খ্যাত এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন আমিশা। ‘আস্কঅ্যামি’ হ্যাশট্যাগে এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন, কবে বিয়ে করছেন তিনি। জবাবে আমিশা জানান, বিয়ের কোনো পরিকল্পনা নেই তার।
অভিনেত্রী বলেন, তিনি সিঙ্গেল জীবন উপভোগ করছেন। তার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের একটি বড় পরিসর রয়েছে, যারা তাকে ভালোবাসেন। তাই জীবনে এমন কাউকে আনতে চান না, যার কারণে বর্তমান সম্পর্কগুলোতে পরিবর্তন আসতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর আগে প্রেম ও ক্যারিয়ার নিয়ে নিজের একটি পুরোনো অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন আমিশা। ইউটিউবার রণবীর এলাহবাদিয়ার পডকাস্টে তিনি জানান, চলচ্চিত্রে পা রাখার আগে একটি গভীর সম্পর্কে ছিলেন। তবে তার সঙ্গী চাইতেন না তিনি বিনোদন জগতে ক্যারিয়ার গড়ুন। শেষ পর্যন্ত সম্পর্কের বদলে নিজের ক্যারিয়ারকে বেছে নেন অভিনেত্রী।
আমিশার ভাষ্য, যে মানুষ সত্যিই ভালোবাসবেন, তিনি তার সঙ্গীর ক্যারিয়ারকেও এগিয়ে যেতে উৎসাহ দেবেন। সেই সম্পর্কের ক্ষেত্রে এমন সমর্থন না পাওয়ায় তিনি সরে আসার সিদ্ধান্ত নেন। তার সাবেক সঙ্গী দক্ষিণ মুম্বাইয়ের একটি ব্যবসায়ী পরিবারের সন্তান ছিলেন এবং তাদের পারিবারিক ও শিক্ষাগত পটভূমিতেও বেশ মিল ছিল বলে জানান তিনি।
তবে বিয়ের সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেননি আমিশা। উপযুক্ত মানুষ পেলে বিয়েতে তার আপত্তি নেই বলেও জানিয়েছেন। তার মতে, জীবনসঙ্গীর ক্ষেত্রে বয়সের চেয়ে মানসিক পরিপক্বতাই বেশি গুরুত্বপূর্ণ।
ক্যারিয়ারের দীর্ঘ সময়ে আমিশা প্যাটেলের সঙ্গে বেশ কয়েকজনের প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে নির্মাতা বিক্রম ভাটের সঙ্গে তার সম্পর্কই সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল, বিশেষ করে ২০০০ সালের শুরুর দিকে।