শীর্ষে আলিয়া

আলিয়া
  © ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে আলিয়া ভাট অভিনীত কয়েকটি সিনেমা প্রত্যাশিত সাফল্য না পেলেও তার জনপ্রিয়তায় এর কোনো প্রভাব পড়েনি। বরং ব্র্যান্ড ভ্যালুর বিচারে তিনি এখন ভারতের সবচেয়ে মূল্যবান নারী চলচ্চিত্র তারকা।

সম্প্রতি প্রকাশিত ক্রোল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫-এ এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, আলিয়া ভাটের ব্র্যান্ড ভ্যালু প্রায় ৯৩ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯২ কোটি টাকা। সামগ্রিক তালিকায় তিনি ষষ্ঠ অবস্থানে রয়েছেন এবং নারী তারকাদের মধ্যে শীর্ষে আছেন।

ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে আলিয়া তার স্বামী রণবীর কাপুরকেও ছাড়িয়ে গেছেন। রণবীরের ব্র্যান্ড ভ্যালু প্রায় ৮০ মিলিয়ন ডলার বা ৭৬১ কোটি টাকা। সামগ্রিক তালিকায় তার অবস্থান দশম।

নারী তারকাদের মধ্যে আলিয়ার পরেই রয়েছেন দীপিকা পাড়ুকোন। তার ব্র্যান্ড ভ্যালু প্রায় ৮৯ দশমিক ২ মিলিয়ন ডলার বা ৮৪৯ কোটি টাকা। তৃতীয় অবস্থানে থাকা রশ্মিকা মন্দানার ব্র্যান্ড ভ্যালু প্রায় ৭৫ দশমিক ২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় নয়, ভারতীয় মুদ্রায় প্রায় ৭১৬ কোটি টাকার সমপরিমাণ।

তালিকায় আরও রয়েছেন কারিনা কাপুর খান ১৫তম, কিয়ারা আদভানি ১৭তম, কৃতি শ্যানন ১৮তম, অনন্যা পাণ্ডে ১৯তম এবং জাহ্নবী কাপুর ২৩তম অবস্থানে।

রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে কোনো তারকার ব্র্যান্ড ভ্যালু শুধু সিনেমার সাফল্যের ওপর নির্ভর করে না। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা, বড় প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে উপস্থিতি, আন্তর্জাতিক পরিচিতি এবং নিজস্ব ব্যবসায়িক উদ্যোগও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলিয়ার ক্ষেত্রেও এসব বিষয় তার ব্র্যান্ড ভ্যালু বাড়াতে ভূমিকা রেখেছে। অভিনয়ের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ, নিজস্ব উদ্যোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল জনপ্রিয়তা তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৮ কোটির বেশি।


মন্তব্য