প্রভার আবেগঘন পোস্ট ভাইরাল
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:২৭ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৭:২৭ PM
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের অনুভূতি, জীবনবোধ ও নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁর এসব ভাবনাধর্মী পোস্ট প্রায়ই অনুরাগী ও নেটিজেনদের মধ্যে আগ্রহ তৈরি করে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি সম্পর্কের ইতি টানা, আত্মসম্মান এবং মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়ার বিষয়ে একটি দীর্ঘ ও আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
গত শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সম্পর্ক তৈরি ও ভেঙে যাওয়ার বিষয়টি নিয়ে নিজের উপলব্ধি ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন প্রভা। পোস্টটিতে তিনি সম্পর্কের ক্ষেত্রে আত্মসম্মান ও মানসিক প্রশান্তিকে গুরুত্ব দেওয়ার কথাও জানান। ওই পোস্টে তিনি লেখেন, ‘সম্পর্ক ছিন্ন করা মানে মানুষের কাছ থেকে হাল ছেড়ে দেওয়া নয়। বরং কখনও কখনও এটি নিজের কাছে অবশেষে সত্যি স্বীকার করা একসময় যে সম্পর্কটি অর্থবহ ছিল, সেটিই এখন ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।’
প্রভা লেখেন, ‘ভালোবাসার মূল্য কখনোই আপনার মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক স্বাস্থ্য খোয়ানোর বিনিময়ে হতে পারে না। যারা শুধু নিজের প্রয়োজনেই পাশে আসে, তারা আপনার উপকারে না আসলেও নিঃশেষ করে দেয়। আবার পরিবারের এমন কেউ থাকেন, যারা সীমা লঙ্ঘন করেন, আবার কেউ আছেন পাশে থাকার পরেও আপনাকে একাকী অনুভব করান। এমন পরিস্থিতিতে পরিবর্তন আসবে এই আশায় মানুষ চেষ্টা চালিয়ে যায়, যতক্ষণ না একদিন সে আবিষ্কার করে এই প্রক্রিয়ায় সে নিজেই হারিয়ে যাচ্ছে।’
পোস্টে প্রভা উল্লেখ করেন, ‘জীবন থেকে সবকিছু সরিয়ে নেওয়া কোনো নির্মমতা নয়, বরং এটি একটি সাহসিকতার পরিচয়। মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়াটা জরুরি। অনেকে বলতে পারে যে মানুষটি বদলে গেছে, কিন্তু তারা এটা বুঝতে পারে না যে কাউকে জীবন থেকে ছেঁটে ফেলা হচ্ছে না, বরং এটি শেষ পর্যন্ত নিজেকে বাঁচানোরই একটি সিদ্ধান্ত।’
নিজের লেখার শেষাংশে একটি গভীর ভাবনার কথা তুলে ধরে অভিনেত্রী লেখেন, ‘যেখানে প্রতিনিয়ত আঘাত পাওয়া যায় সেখানে কখনো নিরাময় সম্ভব নয়। যে পরিবেশ আপনার মানসিক পরিসরকে সংকুচিত করে, সেখানে কখনো বেড়ে ওঠা যায় না। তাই সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয়, বরং এটি নিজের আত্মমর্যাদা ফেরত পাওয়ার পথ। মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রকাশ হতে পারে।’