অনেক মানুষের সামনে অন্তর্বাস পরে নাচতে হয়েছিল: দিয়া
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৬:৫৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ০৬:৫৩ PM
সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ থেকে বলিউডে পা রাখা অভিনেত্রী দিয়া মির্জা দীর্ঘদিন ধরেই দর্শকের পরিচিত মুখ। নানা ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থানও তৈরি করেছেন তিনি।
তবে ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘তুমসা নেহি দেখা’ সিনেমার ‘মুঝে তুমসে মোহাব্বত হ্যায়’ গানটি দিয়াকে নতুন করে আলোচনায় আনে। ইমরান হাশমির সঙ্গে তার নাচের দৃশ্য দর্শকের নজর কাড়লেও গানটির শুটিংয়ের অভিজ্ঞতা ছিল অভিনেত্রীর জন্য বেশ কঠিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন দিয়া মির্জা। তিনি জানান, শুটিংয়ের একটি দৃশ্যে তাকে স্বল্প পোশাকে ক্যামেরার সামনে নাচতে হয়েছিল। সেটে অনেক মানুষের উপস্থিতি থাকায় শুরুতে বিষয়টি নিয়ে অস্বস্তি ও দ্বিধায় ছিলেন তিনি।
দিয়ার ভাষ্য অনুযায়ী, তখন নিজের শরীর নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না তিনি। হায়দরাবাদের রক্ষণশীল পরিবেশে বেড়ে ওঠার কারণে এমন পরিস্থিতিতে ক্যামেরার সামনে কাজ করাও তার জন্য সহজ ছিল না।
তবে শেষ পর্যন্ত ওই অভিজ্ঞতাই তার আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিনেত্রী জানান, নৃত্যপরিচালক বৈভবী মার্চেন্টসহ সেটের সবাই তাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করিয়েছিলেন। ফলে দৃশ্যটির শুটিং আত্মবিশ্বাসের সঙ্গে শেষ করতে পেরেছিলেন তিনি।
দিয়া বলেন, একজন নারী হিসেবে এটি তার ক্যারিয়ারের অন্যতম কঠিন অভিজ্ঞতা ছিল। তবে চরিত্রের প্রয়োজন ও সেই চরিত্রের আবেগকে যথাযথভাবে ফুটিয়ে তোলাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন।
অভিনেত্রীর মতে, একজন শিল্পীর জন্য চরিত্রের ভেতরের সত্যকে বোঝা এবং সেটি পর্দায় তুলে ধরা গুরুত্বপূর্ণ। তাই সেটে কতজন মানুষ উপস্থিত ছিলেন, একসময় সেটি আর তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি।
দিয়া জানান, ওই সিনেমার শুটিংয়ের সময় নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাসের ঘাটতি থাকলেও পরবর্তী সময়ে সেই অভিজ্ঞতা তাকে নিজের প্রতি আরও ইতিবাচক হতে সাহায্য করে।
দর্শকের কাছে ‘মুঝে তুমসে মোহাব্বত হ্যায়’ হয়তো ছিল একটি গ্ল্যামারাস গানের দৃশ্য। কিন্তু দিয়া মির্জার কাছে এটি ছিল নিজের অস্বস্তি ও সীমাবদ্ধতা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা।