অভিনেত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ AM
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শালিনী পাণ্ডেকে নিয়ে তৈরি একটি ভুয়া ও আপত্তিকর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তার দাবি, প্রযুক্তির অপব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে এবং সেখানে তাকে দেখানো হয়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে শালিনীকে আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়। বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে অভিনেত্রী স্পষ্ট করেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
শালিনী পাণ্ডে বলেন, প্রযুক্তির অপব্যবহার করে বিশেষ করে নারীদের লক্ষ্যবস্তু বানানোর এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক ও বিরক্তিকর। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি মানসিক নির্যাতনের সঙ্গে তুলনা করে তীব্র নিন্দা জানান।
অভিনেত্রী আরও বলেন, কেউ ভিডিওটি দেখে থাকলে সেটি যেন শেয়ার, ফরোয়ার্ড বা ডাউনলোড না করেন। একই সঙ্গে ভিডিওটির বিরুদ্ধে দ্রুত রিপোর্ট করার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।
এআই প্রযুক্তির অপব্যবহার করে ছবি ও ভিডিও বিকৃত করে ভুয়া কনটেন্ট তৈরির ঘটনা সাম্প্রতিক সময়ে উদ্বেগ বাড়িয়েছে। এ ধরনের প্রযুক্তির অপব্যবহার ব্যক্তির সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তা ও সামাজিক নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
২০১৭ সালে বিজয় দেবরাকোন্ডার বিপরীতে তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় শালিনী পাণ্ডের। এরপর তেলেগু, তামিল ও হিন্দি ভাষার বিভিন্ন সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। ‘মহানতি’, ‘১১৮’, ‘১০০% ভালোবাসা’, ‘জয়েশভাই জোড়দার’ ও ‘মহারাজ’-এর মতো সিনেমায় দেখা গেছে তাকে।
সর্বশেষ পুলকিত সম্রাট, বরুণ শর্মা ও চাঙ্কি পাণ্ডের সঙ্গে ‘রাহু কেতু’ সিনেমায় অভিনয় করেছেন শালিনী পাণ্ডে।
সূত্র: এনডিটিভি