শিল্প কোনো পাপ নয়: প্রভা

প্রভা
  © সংগৃহীত

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তবে মাঝেমধ্যেই বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের বাকি সময় ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটানোর ইচ্ছার কথা জানান এই অভিনেত্রী।

পপি বলেন, তিনি আল্লাহ-খোদার নাম নিয়ে বাকি জীবন কাটাতে চান। জীবনে যত পাপ করেছেন, সেসব থেকে মুক্ত হয়ে সুন্দরভাবে জীবন শেষ করতে চান বলেও মন্তব্য করেন তিনি।

অভিনেত্রীর এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একাংশ যেমন তার মন্তব্যের সমালোচনা করছেন, তেমনি চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন শিল্পীও এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাও মনে করছেন শিল্প কোনো পাপ নয়। তবে কাউকে ইঙ্গিত করেননি তিনি। কারও নাম উল্লেখ না করে আজ সোমবার এ প্রসঙ্গে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন প্রভা। 

শুরুতে লিখেছেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’

প্রভার মতে অশিক্ষা ও অজ্ঞতা নিয়ে কেউ সংস্কৃতি চর্চায় আসা উচিত না। তার কথায়, ‘আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি। আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক। আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি,নি জের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’

কারণ ব্যাখ্যা করে কারণ প্রভা লিখেছেন, ‘শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’ 


মন্তব্য