ইয়াশ-তটিনীর ‘কাবিননামা’
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ PM
বাংলা নাটকের জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। একসঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তারা। ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্ক নিয়ে একসময় গুঞ্জন ছড়ালেও বিষয়টি বরাবরই এড়িয়ে গেছেন দুজন। বিভিন্ন সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ককে পেশাদারিত্ব ও বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন তারা।
তবে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় ফিরেছেন ইয়াশ ও তটিনী। তাদের নতুন নাটক ‘কাবিননামা’ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
নিজের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে ইয়াশ রোহান ও তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা, মুহিত তমালসহ আরও অনেকে।
প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে ‘কাবিননামা’। মাত্র এক দিনের ব্যবধানে নাটকটির ভিউ ২৫ লাখ ছাড়িয়ে গেছে। পাশাপাশি কমেন্ট বক্সেও দুই হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে।
দর্শকদের মন্তব্যে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে ইয়াশ-তটিনী জুটি। দীর্ঘ বিরতির পর তাদের একসঙ্গে পর্দায় দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক দর্শক।
নাটকটির দর্শক সাড়া দেখে বোঝা যাচ্ছে, ইয়াশ-তটিনীর জুটির প্রতি দর্শকদের আগ্রহ এখনো বেশ শক্তিশালী। দীর্ঘ বিরতির পর তাদের নতুন এই কাজ সেই জনপ্রিয়তাকেই যেন আবারও সামনে নিয়ে এসেছে।