কঠিন সময় নিয়ে খোলামেলা শ্রাবন্তী
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ PM
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। বিশেষ করে তিনবার বিবাহবিচ্ছেদের পর নানা সময়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের কঠিন সময় ও মানসিক টানাপোড়েন নিয়ে কথা বলেছেন শ্রাবন্তী। ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে অভিনেত্রী জানান, সম্পর্কের ক্ষেত্রে বারবার আঘাত পেয়ে একসময় তিনি মানসিকভাবে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন।
'স্ট্রেট আপ উইথ শ্রী' নামের একটি পডকাস্টে অংশ নিয়ে শ্রাবন্তী বলেন, ‘অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দেই। তারপর ভেবেছি, কেন শেষ করব? শুধুমাত্র একটা ভুল পছন্দের কারণে?‘
অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের শুরুটা হয়েছিল খুব অল্প বয়সে। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। দীর্ঘ দাম্পত্যের পর ২০১৬ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের এক ছেলে রয়েছে, অভিমন্যু—যিনি বিচ্ছেদের পর মায়ের সঙ্গেই থাকছেন।
প্রথম বিচ্ছেদের বছরই মডেল কৃষাণ ব্রিজের সঙ্গে বিয়ের সম্পর্কে জড়ান শ্রাবন্তী। তবে সেই সম্পর্ক টেকেনি বেশিদিন। প্রায় এক বছর পর তাদের বিচ্ছেদ হয়ে যায়।
এরপর ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের কয়েক মাসের মধ্যেই তারা আলাদা থাকতে শুরু করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের এপ্রিলে রোশনের সঙ্গে শ্রাবন্তীর আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের মধ্যেও অভিনয়ে নিয়মিত রয়েছেন শ্রাবন্তী। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে তার কথায় উঠে এসেছে জীবনের কঠিন সময় পেরিয়ে নিজেকে নতুন করে সামলে নেওয়ার গল্প।