স্বাস্থ্যমন্ত্রীর কঠিন হুশিয়ারি

স্বাস্থ্যমন্ত্রী
  © সংগৃহীত

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার নানা অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে অভিযোগ করেছেন রোগীরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনকালে রোগীদের কাছ থেকে এসব অভিযোগ শোনেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গু ওয়ার্ডও ঘুরে দেখেন।

রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম ও অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’

হাসপাতাল পরিদর্শনের সময় চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী। সংশ্লিষ্টদের অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।

হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে– এমন অভিযোগ পান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এতে রোগীদের নিজেদের পকেট থেকে টাকা খরচ হচ্ছে। অথচ রোগীদের চিকিৎসার জন্য সরকার অর্থ দিচ্ছে এবং হাসপাতালেই প্রয়োজনীয় পরীক্ষা করার সুযোগ-সুবিধা রয়েছে।

সাখাওয়াত হোসেন বলেন, মুগদা হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের প্রয়োজনীয় সব পরীক্ষা রয়েছে। পরিদর্শনের সময় রোগীদের কাগজপত্র দেখে এবং তাদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, অনেক রোগীকে বাইরে থেকে পরীক্ষা করানো হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। হাসপাতালটিকে প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। এরপরও রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সম্প্রতি হাসপাতালের সেবার মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেবাপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে এলে তিনি নিজেই সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে যান।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীকে কাছে পেয়ে রোগীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা হাসপাতালের সেবার মান উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

 


মন্তব্য