ঢাকাই সিনেমার রাজপুত্র

সালমান শাহ
  © সংগৃহীত

ক্ষণজন্মার জন্মদিন আজ
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ‘রাজপুত্র’ হিসেবে পরিচিত এই নায়ক মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেন। আজ ১৯ সেপ্টেম্বর তার জন্মদিন।

১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার পারিবারিক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর বড় ছেলে তিনি। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা দিতেন এই জনপ্রিয় অভিনেতা।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ। তার মৃত্যুর কারণ নিয়ে আজও রহস্য রয়ে গেছে।

সালমান শাহর অভিনয়জীবনের শুরু অবশ্য চলচ্চিত্র দিয়ে নয়, টেলিভিশন নাটকের মাধ্যমে। ১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয়ে পথচলা শুরু। এরপর ‘দেয়াল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’সহ কয়েকটি নাটকে অভিনয় করেন।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠেন নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক।

চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমান শাহর জুটি দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। সালমানের অভিনীত ২৭টি সিনেমার মধ্যে ১৪টিতে তার নায়িকা ছিলেন শাবনূর। তাদের জুটি বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত জুটি হিসেবে এখনো দর্শকদের কাছে স্মরণীয়।

সালমান শাহর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের নায়ক’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘জীবন সংসার’, ‘প্রেম প্রিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘মায়ের অধিকার’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’।

স্বল্প সময়ের ক্যারিয়ার হলেও অভিনয় ও নিজস্ব স্টাইলের কারণে বাংলা চলচ্চিত্রে সালমান শাহ আজও দর্শকদের কাছে জনপ্রিয় ও স্মরণীয় হয়ে আছেন।


মন্তব্য