নতুন ইতিহাসের সামনে টেলর সুইফট

টেলর
  © সংগৃহীত

সংগীত দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ) ২০২৬’-এ নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট। এবারের আয়োজনে তাকে সম্মানজনক ‘আর্টিস্ট ডিরেক্টর’ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিযোগিতামূলক বিভিন্ন বিভাগে পেয়েছেন ১১টি মনোনয়ন।

এই বিশেষ সম্মাননা যোগ হলে ভিএমএর ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ড এককভাবে নিজের করে নেবেন সুইফট। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট অ্যাকশন-নেটওয়ার্ক ডটকমের তথ্য অনুযায়ী, ‘আর্টিস্ট ডিরেক্টর’ পুরস্কারসহ তার মোট ভিএমএ ট্রফির সংখ্যা দাঁড়াবে ৩১টি। এতে তিনি পেছনে ফেলবেন পপ তারকা বিয়ন্সেকে। ব্যক্তিগত অর্জন, ‘ডেস্টিনিজ চাইল্ড’ ও ‘দ্য কার্টার্স’-এর পুরস্কার মিলিয়ে বিয়ন্সের মোট ভিএমএ ট্রফি ৩০টি।

এবারের আসরে ভিএমএর অন্যতম গুরুত্বপূর্ণ ‘ভিডিও অব দ্য ইয়ার’ বিভাগেও মনোনয়ন পেয়েছেন সুইফট। ‘দ্য ফেট অব ওফেলিয়া’ গানের জন্য এই পুরস্কার জিতলে বিভাগটিতে তার ট্রফির সংখ্যা দাঁড়াবে ছয়টিতে।

এর আগে ‘ব্যাড ব্লাড’, ‘ইউ নিড টু কাম ডাউন’, ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’, ‘অ্যান্টি-হিরো’ ও ‘ফোর্টনাইট’-এর জন্য পাঁচবার ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন তিনি।

এ ছাড়া এক আসরে সর্বোচ্চ সংখ্যক ভিএমএ জয়ের রেকর্ডেও নজর রয়েছে সুইফটের। ১৯৮৭ সালে পিটার গ্যাব্রিয়েল নন-কম্পিটিটিভ ‘ভ্যানগার্ড’ অ্যাওয়ার্ডসহ এক রাতে ১০টি পুরস্কার জিতেছিলেন। সুইফট এবার মনোনীত ১১টি প্রতিযোগিতামূলক বিভাগেই জয় পেলে এক আসরে মোট ১২টি ট্রফি জয়ের নতুন রেকর্ড গড়তে পারেন।

‘বেস্ট পপ’ বিভাগেও রেকর্ডের হাতছানি রয়েছে তার সামনে। বর্তমানে অ্যারিয়ানা গ্র্যান্ডের সঙ্গে যৌথভাবে এ বিভাগে সর্বোচ্চ তিনটি করে ভিএমএ ট্রফি রয়েছে সুইফটের। এবার ‘দ্য ফেট অব ওফেলিয়া’ গানের জন্য পুরস্কার জিতলে এ বিভাগে এককভাবে সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড গড়বেন তিনি। তবে একই বিভাগে অ্যারিয়ানা গ্র্যান্ডও মনোনীত হওয়ায় এবারও প্রতিদ্বন্দ্বিতা থাকছে দুজনের মধ্যে।


মন্তব্য