টুয়েলভথ ফেল নায়িকাকে নিয়ে গুঞ্জন

নায়িকা
  © সংগৃহীত

ডিসেম্বরে বিয়ে করছেন কৌতুকশিল্পী সময় রায়না ও ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শঙ্কর- সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। একটি বেনামি পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া এই জল্পনা নিয়ে এবার নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন সময় ও মেধা।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি পোস্ট শেয়ার করেন সময় রায়না, যেখানে দাবি করা হয়েছিল, আগামী ডিসেম্বরে মেধাকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে রসিকতা করে সময় লেখেন, ‘ডিসেম্বরে তো আমার ভারত সফর আছে, দুঃখিত মেধা, বিয়ে পিছিয়ে দিতে হবে।’ পোস্টের সঙ্গে লতা মঙ্গেশকরের ‘ঝুঠ বোলে কওয়া কাটে’ গানটিও যুক্ত করেন তিনি।

সময়ের সেই পোস্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন মেধা শঙ্করও। সঙ্গে দেন হাসির প্রতিক্রিয়া। পরে আরেকটি পোস্টে বিয়ের গুঞ্জনকে ভিত্তিহীন বলে ইঙ্গিত করে রসিকতামূলক প্রতিক্রিয়া জানান তিনি।

সম্প্রতি একটি বেনামি পোস্টে দাবি করা হয়, সময়ের পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তির মাধ্যমে জানা গেছে, সময় ও মেধা ২০২৬ সালের ডিসেম্বরে বিয়ের পরিকল্পনা করছেন। তারা বর্তমানে ছুটিতে রয়েছেন এবং সময় দ্রুত মেধাকে বিয়ে করতে চান বলেও পোস্টটিতে দাবি করা হয়। তবে এসব দাবির আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা দেননি দুজনের কেউই।

সময় ও মেধার সম্পর্ক নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়া এবং সময়ের ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় মৌসুমে মেধার উপস্থিতির পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। সম্প্রতি তাদের ছুটির ছবি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়ায়। তবে সম্পর্ক বা বিয়ে নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা।

এদিকে মেধা শঙ্করকে শিগগিরই নাম ঠিক না হওয়া একটি গোয়েন্দা কৌতুকধর্মী চলচ্চিত্রে দেখা যাবে। লক্ষ্মণ উতেকরের প্রযোজনায় নির্মিত এই ছবিতে সানি কৌশল ও নিমরত কৌরও অভিনয় করবেন বলে জানা গেছে।

অন্যদিকে ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় মৌসুম নিয়ে ব্যস্ত সময় রায়না। প্রথম মৌসুমে রণবীর আল্লাহাবাদিয়ার একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্কের পর দ্বিতীয় মৌসুম নিয়ে ফিরেছেন তিনি। নতুন মৌসুমের সাম্প্রতিক পর্বগুলোতে নওয়াজউদ্দিন সিদ্দিকী, ভুবন বাম ও অভিনয়শিল্পী নির্বাচক মুকেশ ছাবড়াসহ অনেকে অংশ নিয়েছেন।


মন্তব্য