বিয়ের পিঁড়িতে প্রভা
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ PM
অভিনয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। কালেভদ্রে পর্দায় দেখা গেলেও সামাজিক মাধ্যমে নিয়মিতই সরব এই অভিনেত্রী। বিভিন্ন পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করেন প্রভা। ছবিগুলোতে তাকে সনাতন ধর্মের রীতি অনুযায়ী বধূর সাজে দেখা যায়। এরপর থেকেই তার এই সাজ নিয়ে কৌতূহল তৈরি হয়।
ছবিতে লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি এবং হাতে শাঁখা-পলা পরে বিয়ের আসরে বসে থাকতে দেখা যায় প্রভাকে। বাড়ির উঠোনে সাজানো হয়েছে বিয়ের আয়োজন। সেখানে রঙিন কাগজের সাজসজ্জা, কলাগাছসহ বিয়ের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীও দেখা গেছে।
তবে এই আয়োজন বাস্তব কোনো বিয়ে নয়, বরং অভিনয়ের অংশ—এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রভা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’
অর্থাৎ অভিনয়ের প্রয়োজনে বধূর সাজ নিয়েছেন তিনি। তবে কোন কনটেন্টের শুটিংয়ের জন্য এই সাজ, সে বিষয়ে বিস্তারিত জানাননি অভিনেত্রী।
এদিকে সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন প্রভা। এর মধ্যে সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং শেষ হয়েছে। এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমাতেও অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।