৬ দিনেই কোটি ভিউ, আলোচনায় এই নাটক
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৮ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৮ PM
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার ও তরুণ অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানের জুটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। এই জুটির নতুন নাটক ‘তোমার ঠিকানায়’ ইউটিউবে প্রকাশের মাত্র ছয় দিনের মাথায় এক কোটি বা ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।
গত ২৪ সেপ্টেম্বর ‘হিয়া এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি। প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসা পাচ্ছে পারিবারিক আবহের গল্প নিয়ে নির্মিত নাটকটি। শুধু বাংলাদেশের দর্শকই নন, ভারতের বাংলা ভাষাভাষী দর্শকদের মধ্যেও এটি নিয়ে আগ্রহ দেখা গেছে।
নাটকটির ইউটিউব মন্তব্যের ঘরে দর্শকেরা গল্প, সংলাপ ও অভিনয়ের প্রশংসা করছেন। এক ভারতীয় দর্শক মন্তব্য করেছেন, ভারতের অনেক নাটক যেখানে সংসার ভাঙার গল্প তুলে ধরে, সেখানে বাংলাদেশের নাটকে সংসার জোড়া লাগানোর বার্তা পাওয়া যায়। বাংলাদেশের নাটক থেকে শেখার মতো অনেক কিছু রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নাটকটির শেষ দৃশ্য আবেগাপ্লুত করেছে অনেক দর্শককে। একজন দর্শক লিখেছেন, শেষের দৃশ্য দেখে তিনি কেঁদে ফেলেছেন। এমন প্রতিক্রিয়ায় খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমানের পর্দার রসায়নও উঠে এসেছে।
‘তোমার ঠিকানায়’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। চিত্রগ্রহণে ছিলেন কামরুল ইসলাম শুভ।
নাটকটিতে খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, সমাপ্তি মাসুক, শারমিন শর্মী, এম কে নয়নতারা, তাব্বাসুম মারিয়া, মারুফ ভূঁইয়া ও মুক্তা চৌধুরীসহ অনেকে।