অবশেষে অনিরুদ্ধ-কাব্যের গুঞ্জনই সত্যি
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ PM
দক্ষিণ ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারান বিয়ে করেছেন। দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ১১ নভেম্বর গ্রিসের মনোরম পরিবেশে ঘনিষ্ঠ স্বজন ও তারকা অতিথিদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ দিনের কয়েকটি ছবি প্রকাশ করেছেন অনিরুদ্ধ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাই ওয়ান্স ইন আ লাইফটাইম, ফর আ লাইফটাইম ১১.১১।’ ছবিতে নবদম্পতিকে প্যাস্টেল রঙের পোশাকে দেখা গেছে। আইভরি রঙের কুর্তা, ভেশতি ও কারুকাজ করা লম্বা জ্যাকেটে সেজেছিলেন অনিরুদ্ধ। অন্যদিকে ব্লাশ-পিঙ্ক লেহেঙ্গা, জমকালো ব্লাউজ, কুন্দনের চোকার ও কানের দুলে নজর কেড়েছেন কাব্য।
১০ ও ১১ নভেম্বর গ্রিসে বিয়েকে ঘিরে নানা আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিতে আগেই সেখানে উপস্থিত হন দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত এবং তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে বিমানবন্দরে যাওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গ্রিসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও উৎসবের বাকি আয়োজন হবে ভারতে। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কাব্য মারান ভারতের প্রভাবশালী ব্যবসায়ী পরিবার মারান পরিবারের সদস্য। তিনি সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান ও কাবেরী মারানের মেয়ে। সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক হওয়ার পাশাপাশি আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
অন্যদিকে অনিরুদ্ধ রবিচন্দর দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক। বিশেষ করে তামিল সিনেমার সংগীতে তাঁর কাজ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
২০২৫ সালের মাঝামাঝি সময়ে অনিরুদ্ধ ও কাব্যর সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। সে সময় অনিরুদ্ধ বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। পরে ২০২৬ সালের জুনে তাঁর কাকা ও বর্ষীয়ান অভিনেতা ওয়াই জি মহেন্দ্র তাঁদের বিয়ের খবর অনেকটাই নিশ্চিত করেন। অবশেষে ১১ নভেম্বর গ্রিসে বিয়ের মধ্য দিয়ে বাস্তব রূপ পেল সেই সম্পর্কের গুঞ্জন।
সূত্র: এনডিটিভি